প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
চন্দনাইশে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতেই উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্ষেত্রপর্যায়ে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাছ আমাদের জাতীয় সম্পদের অন্যতম উৎস। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চন্দনাইশের চাষীদের অবদান প্রশংসনীয়। সরকার মৎস্য খাতের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।"
এসময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা যাতে নতুন করে মাছের পোনা ক্রয় করতে পারেন সেজন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানা অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান চন্দনাইশ উপজেলাকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করতে চাষী ও সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় মৎস্যচাষী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট